বরগুনা সদর উপজেলা প্রতিনিধি(আতিক): বরগুনা সদর উপজেলার লাকুরতলা সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে গণ-হিস্টিরিয়াজনিত উপসর্গে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথমে এক শিক্ষার্থী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। পরে আতঙ্ক ছড়িয়ে পড়লে সপ্তম থেকে দশম শ্রেণির আরও শিক্ষার্থীর মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দেয়। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। তিনি অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং উদ্বিগ্ন অভিভাবকদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার আশ্বাস দেন। চিকিৎসকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ বা গণ-হিস্টিরিয়ার উপসর্গ দেখা গেছে। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News