সাইফ সোহেল, বিশেষ প্রতিবেদন (বরগুনা) : দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের রাষ্ট্রীয় উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ এর পৌর পর্যায়ে দুর্দান্ত সাফল্য দেখিয়েছে সোনাখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়। বরগুনা পৌরসভার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে কাবাডি ডিসিপ্লিনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটির দল। গত মঙ্গলবার (১০ নভেম্বর) বরগুনা জেলা স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ খলিফার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা পিযুষ কান্তি বিশ্বাস। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় সোনাখালী বালিকা বিদ্যালয়ের ক্ষুদে অ্যাথলেটরা বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করে। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন দলের হয়ে অংশ নেয় ষষ্ঠ শ্রেণির সিনথিয়া, জুই ও পুষ্পা, সপ্তম শ্রেণির ঋতু, অষ্টম শ্রেণির জ্যোতি ও মিতু এবং নবম শ্রেণির শর্মি। এছাড়া ব্যাডমিন্টন এককে সপ্তম শ্রেণির জাকিয়া চ্যাম্পিয়ন, ১০০ মিটার দৌড়ে মারুফা রানার আপ, দাবায় সারামণি রানার আপ এবং ৫০ মিটার মুক্ত সাঁতারে অষ্টম শ্রেণির ছাত্রী মিতু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, ১০টি জনপ্রিয় ডিসিপ্লিনে আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো তৃণমূলের সুপ্ত প্রতিভা অন্বেষণ ও বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণের সুযোগ তৈরি করা। সোনাখালী বালিকা বিদ্যালয়ের এমন সাফল্যে পুরো বরগুনা জুড়ে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: বরগুনায় সোনাখালী বালিকা বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য | Seshkatha News
- প্রকাশের সময় : Nov 11, 2026 ইং
ছবির ক্যাপশন: নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: বরগুনায় সোনাখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News