অলিউল্লাহ্ ইমরান, বরগুনা প্রতিনিধি : নিরাপদ পানি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বরগুনা সদর উপজেলার আয়লা মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচটি নিরাপদ খাবার পানির স্টেশন, দুটি হ্যান্ডওয়াশিং স্টেশন, তিন কক্ষবিশিষ্ট ছাত্রীদের টয়লেট এবং মাসিককালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনায় একটি হাইজিন কর্ণার স্থাপন করেছে ব্র্যাক। এসব সুবিধা চালু হওয়ায় বিদ্যালয়ের ৪৮০ শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশে পড়াশোনার সুযোগ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুর ২টায় বরগুনা সদর উপজেলার আয়লা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত এসব স্থাপনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান চন্দ্র রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার ব্যবস্থা এবং ছাত্রীদের মাসিককালীন ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৪৮০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ২৬৬ জন ছাত্রী এবং ২১৪ জন ছাত্র। নতুন স্থাপনাগুলোর ফলে শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি পান, নিয়মিত হাত ধোয়া এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা পাবে। বিশেষ করে ছাত্রীদের জন্য পৃথক টয়লেট ও হাইজিন কর্ণার মাসিককালীন স্বাস্থ্যবিধি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবম শ্রেণির শিক্ষার্থী আয়শা আক্তার মিম জানায়, হাইজিন কর্ণারটি ছাত্রীদের জন্য বিশেষভাবে উপকারী হবে। মাসিককালীন সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এটি তাদের সহায়তা করবে। এতে এ বিষয়ে সংকোচ কমবে এবং সচেতনতা বাড়বে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিফতাহুল জান্নাত বলেন, বিদ্যালয়ে হাত ধোয়ার আলাদা স্টেশন থাকায় এখন নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করার সুযোগ হবে। খাবার খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে এটি সহায়ক হবে। নবম শ্রেণির শিক্ষার্থী অলিউল্লাহ্ অপূর্ব বলেন, পরিচ্ছন্ন টয়লেট ও হাত ধোয়ার ব্যবস্থা শিক্ষার্থীদের সুস্থ থাকতে সাহায্য করবে। বিশেষ করে বিদ্যালয়ে দীর্ঘ সময় অবস্থানকালীন এসব সুবিধা তাদের জন্য অনেক প্রয়োজনীয়। বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক খান মো. মঈনুল ইসলাম (মামুন খান) বলেন, নতুন স্থাপনাগুলো শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সহায়তা করবে। তবে এগুলো ব্যবহার উপযোগী রাখার পাশাপাশি দীর্ঘদিন অক্ষত রাখাও সবার দায়িত্ব। এ বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. তুহিন আলম বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে এসব সুবিধা চালুর মাধ্যমে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলতে আরও উৎসাহিত হবে। বিশেষ করে কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনায় হাইজিন কর্ণারটি সহায়ক হবে। এসব স্থাপনার যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ব্র্যাকের সহযোগিতা অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বলেন, বিদ্যালয়ে নিরাপদ পানি, হাত ধোয়ার স্টেশন, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও ছাত্রীদের জন্য হাইজিন কর্ণার স্থাপন শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব সুবিধার যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি পানির অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী অলিউল্লাহ্ ইমরান, জাহিদুল ইসলাম মেহেদী, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, টেকনিক্যাল অফিসার মো. নুরুল আনোয়ার, কর্মসূচি সংগঠক মো. নুরুল আলম, অরুণ কুমার দাস ও তানজিলাসহ বিদ্যালয়ের সভাপতি কে এম ফজলুল মতিন, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News