আমতলী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দঘাটের দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ২৮৬ বোতল মাদক উদ্ধার করেছে র্যাব-১০। এ ঘটনায় বরগুনার আমতলীর মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন মো. মিলন হোসেন খান (৩৮), মো. তরিকুল আহমেদ তারেক (৩৮) ও মো. শফিকুল ইসলাম (৪৮)। অভিযানে একটি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার, পাঁচটি মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
গত শনিবার সকালে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও প্রাইভেট কারে তল্লাশি করে ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গ্রেপ্তার মিলনের বিরুদ্ধে একটি এবং তরিকুলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
দৈনিক শেষকথা Seshkatha News