বরগুনা প্রতিনিধি: বরগুনায় হঠাৎ বেড়েছে গ্রাহকদের বৈদ্যুতিক সার্ভিস তার চুরির ঘটনা। গত দুই মাসে জেলার বিভিন্ন এলাকায় অন্তত শতাধিক বাড়ির সার্ভিস তার চুরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। একই সঙ্গে বরগুনা পৌরসভার পিটিআই-সংলগ্ন হেউলিবুনিয়া এলাকায় নির্মিত বর্জ্য শোধনাগারের অধিকাংশ লাইটপোস্টের সংযোগ তারও চুরি হয়েছে।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে চোরচক্র সার্ভিস তার কেটে নিয়ে যাচ্ছে। পরে তারের প্লাস্টিকের আবরণ খুলে তামা নিয়ে কাভারগুলো রাস্তার পাশে ও ঝোপঝাড়ে ফেলে যাচ্ছে তারা। এতে গ্রাহকদের দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকার পাশাপাশি নতুন তার কিনে সংযোগ নিতে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। পিটিআই-সংলগ্ন ক্রোক এলাকার চা দোকানি মোর্শেদা বেগমের প্রায় ২০ হাজার টাকা মূল্যের সার্ভিস তার চুরি হওয়ায় তার দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অর্থাভাবে নতুন তার কিনতে না পারায় গরমে ফ্যান ও বৈদ্যুতিক কেটলি চালাতে না পেরে ব্যবসায়ও ক্ষতির মুখে পড়েছেন তিনি। এদিকে বর্জ্য শোধনাগারের লাইটপোস্টগুলোর সংযোগ তার চুরি হওয়ায় পুরো এলাকাটি রাতে অন্ধকারে থাকছে। এতে সেখানে কর্মরতরাও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন জানান, সার্ভিস তার চুরির একটি চক্র সক্রিয় হওয়ার তথ্য পুলিশের নজরে এসেছে। ইতোমধ্যে চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য সদস্যদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে কার্যক্রম চলছে।
দৈনিক শেষকথা Seshkatha News