বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ১৭টি বেহুন্দী জাল, চারটি উইংস, দুটি ডেরিক ও চারটি ট্রলডোর জব্দ করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর বিকেল ৫টার দিকে বিষখালী নদীর নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বোট ও সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। আটক জেলে, জব্দকৃত বোট ও সরঞ্জাম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
দৈনিক শেষকথা Seshkatha News