বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় ফোরকান হাওলাদার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গত মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বরগুনা শহরের ব্যস্ততম সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় ‘ফোরকান হত্যার বিচার চাই’ ও ‘হত্যাকারীদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর পাশাপাশি নিহতের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। এতে ফোরকানের পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
নিহত ফোরকানের বাবা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন শেষে ফোরকান হত্যার দ্রুত বিচার, আসামিদের গ্রেপ্তার এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
দৈনিক শেষকথা Seshkatha News