বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় ফ্যামিলি কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিককাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব। এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল কুরাইশী বাবু, উপজেলা বিএনপির সহসভাপতি ও বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক সোয়েব, বামনা সদর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. রহমান মল্লিক এবং উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির জমাদ্দার। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি জনকল্যাণমুখী ও সময়োপযোগী পাইলট প্রকল্প। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা ও সামাজিক নিরাপত্তার সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।
সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে নুরুল ইসলাম মণি বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সরকার কাজ করছে। একই সঙ্গে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও তিনি পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে অতিথি ও স্থানীয়দের সহযোগিতায় ফ্যামিলি কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগীদের তথ্য সংগ্রহ ও প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।
দৈনিক শেষকথা Seshkatha News