বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লেখিত বিভিন্ন কর্মসূচি ও জনসচেতনতামূলক বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১২ আগস্ট) জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলার লাকুরতলা সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা তথ্য অফিসের আয়োজনে GPMS কর্মপরিকল্পনার আওতায় আয়োজিত এ উঠান বৈঠকে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লেখিত ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় গুজব ও অপতথ্য মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয় সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় রোধে পরিবার ও সমাজের দায়িত্ব এবং করণীয় নিয়েও আলোচনা করা হয়। উঠান বৈঠকে বক্তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গুজব ও অপতথ্যের বিস্তার রোধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জনস্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করা সম্ভব। এ ক্ষেত্রে পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বরগুনা জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আলোচনার মাধ্যমে সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি সামাজিক সমস্যা মোকাবিলায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
দৈনিক শেষকথা Seshkatha News