নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা ‘গ্রিনভিউ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (নম্বর: বরগুনা-ব-১১-০০২৬) বাটাজোড় এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দ্রুতগতিতে থাকা বাসটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং অন্তত তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গৌরনদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে দুটি উদ্ধারকারী ইউনিট স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
গৌরনদী হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. শামিম শেখ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। বর্তমানে উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এ মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক শেষকথা Seshkatha News