আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে শিশু, বয়স্ক ব্যক্তি ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সড়ক, অলিগলি, খাবারের দোকান ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে কুকুরের উপস্থিতিতে কুকুরের কামড় ও জলাতঙ্কের ঝুঁকি তৈরি হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণিকল্যাণের বিষয়টি বিবেচনায় বর্তমানে কুকুর নিধন কার্যক্রম স্থগিত রয়েছে। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. হিমেল পাল কুকুরের কামড় বা আঁচড়ের শিকার হলে আক্রান্ত স্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। সচেতন নাগরিকেরা কুকুর নিধনের পরিবর্তে বন্ধ্যাকরণ, জলাতঙ্কের টিকাদান ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানবিক ও পরিকল্পিত ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। নাগরিক নিরাপত্তা ও প্রাণিকল্যাণ নিশ্চিত করতে পৌরসভা, প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
দৈনিক শেষকথা Seshkatha News