বরগুনা প্রতিনিধি: বরগুনার চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, রাজনৈতিক সহাবস্থান ও জেলার উন্নয়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।
২৪ নভেম্বর ২০২৬- বেলা ১১টায় সংসদ সদস্যের নিজ কার্যালয়ে তাঁর আহ্বানে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখা, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন দলের প্রতিনিধিরা তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালেহ ফারুক ও সাবেক জেলা সহসভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ। জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন ও সদর উপজেলা সেক্রেটারি মাহমুদ হাসান। এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন জেলা সদস্যসচিব মো. ফাহাদ, যুগ্ম আহ্বায়ক নাসরিন আক্তার ও ইয়াকুব রায়হান এবং সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জুলাই যোদ্ধা সংসদ ও জেলা ইমাম সমিতির নেতারাও সভায় অংশ নেন। মতবিনিময় শেষে সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সভায় রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং বরগুনার উন্নয়ন ও জনস্বার্থে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News