হাফিজ খান, বরগুনা থেকে: বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালি জহুর উদ্দিন ফাজিল মাদ্রাসার ইতিহাস বিভাগের প্রভাষক মো. রুহুল আমিন চুন্নুর বিরুদ্ধে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে ওই প্রভাষক এলাকার এক অবসরপ্রাপ্ত শিক্ষকের স্ত্রীকে নিয়ে বরিশালে যান। সেখানে স্থানীয় লোকজন তাঁদের একসঙ্গে দেখতে পেয়ে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে ওই নারী তাঁর জামাতার বাসায় আশ্রয় নিলে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনার পর ওই অবসরপ্রাপ্ত শিক্ষক তাঁর স্ত্রীকে তালাক দিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কয়েকজনের দাবি, ওই নারীর সঙ্গে প্রভাষক রুহুল আমিন চুন্নুর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। তাঁরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাহার সিদ্দিকী অভিযোগ পাওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করে জানান, বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রভাষক রুহুল আমিন চুন্নু বলেন, “সম্পর্ক থাকা দোষের নয়। বরিশালে ডাক্তারের কাছে গিয়েছিলাম। মাদ্রাসায় আমার অনেক শত্রু আছে।”
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
দৈনিক শেষকথা Seshkatha News