আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে ঘরে গানপাউডার দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মাসুদ রানা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ভুক্তভোগী আসমা আক্তারসহ ২০ নারী সংবাদ সম্মেলন করেছেন। গত বুধবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নারীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের জমি বিরোধে আদালতের রায় তাঁদের পক্ষে আসার পর গত শুক্রবার তাঁরা বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন তাঁদের বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করছেন। সংবাদ সম্মেলনে নারীরা দাবি করেন, অভিযুক্তরা তাঁদের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছেন। এমনকি শিশু-সন্তানদের নিয়েও তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে সুমাইয়া নামের এক নারী তাঁর সন্তানকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগও করেন। এদিকে এসব অভিযোগ অস্বীকার করে মাসুদ রানা বলেন, জমির কোনো ওয়ারিশ না হওয়ায় তাঁদের হয়রানি করার প্রশ্নই আসে না। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, আদালতের আদেশে এ ঘটনায় একটি মামলা তদন্তাধীন রয়েছে। হুমকির বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News