বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার পোটকাখালী আবাসন প্রকল্পে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে ঘরবাড়ি। টিনের চালে বড় বড় ছিদ্র ও ক্ষতিগ্রস্ত কংক্রিটের খুঁটির কারণে সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন আবাসনের ১২০টি পরিবার। বাসিন্দারা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অনেক ঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আর্থিক সামর্থ্য না থাকায় ভাঙাচোরা ঘরেই ঝুঁকি নিয়ে বসবাস করছেন অনেকে। আবাসনের রাস্তাঘাট ও স্যানিটেশন ব্যবস্থাও নাজুক। তবে সবচেয়ে বড় সংকট সুপেয় পানির। ১২০ পরিবারের জন্য থাকা ছয়টি গভীর নলকূপই অকেজো হয়ে পড়ায় খাবার পানির জন্য বাসিন্দাদের পাশের এলাকায় যেতে হচ্ছে। এতে পানিবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা। বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বলেন, নষ্ট নলকূপগুলো সচল করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে নতুন নলকূপ স্থাপনের উদ্যোগও নেওয়া হবে।
ভুক্তভোগীদের দাবি, দ্রুত আবাসন প্রকল্পের ঘর সংস্কার, রাস্তাঘাট ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং নিরাপদ সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা করা হোক।
দৈনিক শেষকথা Seshkatha News