পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা থানাধীন দক্ষিণ চরদুয়ানী সংলগ্ন বিষখালী নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও চোরাচালানে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর) রাত ১২টার দিকে পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা স্থানীয় পুলিশের সমন্বয়ে যৌথভাবে ধাওয়া করে পিরোজপুরের পুরাতন ফেরিঘাট সংলগ্ন কঁচা নদীর তীর এলাকা থেকে বোটটি আটক করেন। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫০টি বস্তায় রাখা ২২ হাজার ৫৮১ পিস অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা বোটটির নাম এফবি হাজী পেয়ার (এফ-১১৫৪৯)। অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত শাড়ি ও বোট আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News