বরিশাল প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ছয় দিন ভেসে থাকার পর বরগুনার তালতলীর একটি মাছ ধরার ট্রলারসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, তালতলী উপজেলার মৎস্য ব্যবসায়ী শহিদুল ইসলামের মালিকানাধীন ট্রলারটি গত ১৯ সেপ্টেম্বর মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর উত্তাল সাগরে ছয় দিন ভেসে থাকার পর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি সংলগ্ন এলাকায় ট্রলারটির অবস্থান শনাক্ত হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা মালিককে বিষয়টি জানান। পরে খবর পেয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের কোকিলমনি ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারসহ আট জেলেকে উদ্ধার করেন -
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের ট্রলার মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
দৈনিক শেষকথা Seshkatha News