তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার মঠখোলা থেকে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা ও বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সড়কের পাশে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, মসজিদ, মন্দির ও ভোটকেন্দ্র। প্রতিদিন শতাধিক শিক্ষার্থী কাদা-পানি মাড়িয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। একই সঙ্গে সড়কের দুরবস্থায় কৃষকদের উৎপাদিত পণ্য হাট-বাজারে নিতে পরিবহন ব্যয় বাড়ছে এবং ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয়দের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় জরুরি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। বেহাল সড়কের কারণে অ্যাম্বুলেন্সসহ যানবাহন চলাচলে সমস্যা হওয়ায় গুরুতর অসুস্থ রোগী, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে ঝুঁকি তৈরি হয়। এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে পাকা করার দাবি জানিয়েছেন। তাদের মতে, সড়কটি উন্নত হলে শিক্ষা, কৃষিপণ্য পরিবহন ও জরুরি স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
দৈনিক শেষকথা Seshkatha News