পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের ওপর হামলা এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
গত শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে হামলার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বাড়ি ফেরার পথে পাথরঘাটার কেরামতপুর বাজারের কাছে কিরণপুর সড়কে কয়েকজন মুখোশধারীদের হামলায় গুরুতর আহত হন শামীম আহসান। হামলায় তাঁর দুই হাত ও ডান পা ভেঙে গেছে বলে দাবি করা হয়। এ ছাড়া নাচনাপাড়া ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নাসির উদ্দিন মুন্সির দোকান ভাঙচুর এবং অন্যান্য এলাকায় বিরোধ ও সহিংসতার অভিযোগও তুলে ধরা হয়! সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মাওলানা মুহিবুল্লাহ হারুন। এদিকে, শামীম আহসানের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বরগুনা সদর রোডে মিজান টাওয়ারের সামনে প্রতিবাদী বিক্ষোভ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তাঁরা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং পাথরঘাটাসহ বরগুনার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
দৈনিক শেষকথা Seshkatha News