বিশেষ প্রতিনিধি, বরগুনা: বরগুনা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সরকার কর্তৃক প্রণীত জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ফ্যামিলি কার্ড, খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ, কৃষক কার্ড বিতরণ ও কৃষি ঋণ মওকুফসংক্রান্ত বিষয়সমূহ সাধারণ মানুষের নিকট তুলে ধরা হয়। পাশাপাশি সামাজিক বিভিন্ন সমস্যা যেমন—গুজব ও অপতথ্য মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগ প্রস্তুতি, ডেঙ্গু ও হাম প্রতিরোধ, মাদক এবং বাল্যবিবাহ রোধসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে নারীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এস. এম. সুলতান মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। বরগুনা জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে কারিগরি কেন্দ্রের প্রশিক্ষণার্থী ও স্থানীয় নারী প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা একটি আধুনিক ও সচেতন সমাজ গঠনে নারীদের ভূমিকা এবং সরকারের উন্নয়নমূলক উদ্যোগে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
দৈনিক শেষকথা Seshkatha News