বরগুনা জেলা প্রতিনিধি: পায়রা ও বিষখালী নদী এবং বলেশ্বর নদের ভাঙনে জেলার প্রায় ৭২ দশমিক ৫০৩ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকির মুখে রয়েছে। এতে বাঁধসংলগ্ন এলাকার ৩০ হাজার পরিবারের লাখো মানুষ ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি এলাকায় গত ছয় মাসে নদীভাঙনে ৫০টি পরিবারের বসতবাড়ি বিলীন হয়েছে। গত এক বছরে এ সংখ্যা শতাধিক। ভাঙনে বসতভিটা ও জমিজমা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন সত্তরোর্ধ্ব মোস্তফা মুসল্লীর মতো অনেক পরিবার। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, বরগুনা জেলায় প্রায় ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে বরগুনা সদর, পাথরঘাটা, বেতাগী, আমতলী, তালতলী ও বামনা উপজেলায় বিভিন্ন অংশ ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বামনার দক্ষিণ রামনা, বেতাগীর কালিকাবাড়ি এবং পাথরঘাটার কালমেঘা এলাকায় নদীভাঙনে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ভাঙনের হুমকিতে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিনেও অনেক এলাকায় টেকসই বাঁধ নির্মাণ হয়নি। পাউবো সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ৭২ কিলোমিটার এলাকায় ব্লকবাঁধ নির্মাণে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা এবং জরুরি রক্ষণাবেক্ষণে আরও ১০০ কোটি টাকা প্রয়োজন। পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হান্নান প্রধান জানিয়েছেন, ভাঙনকবলিত এলাকায় স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। ঝুঁকিপূর্ণ তীর রক্ষায় জিও ব্যাগ ও সিসি ব্লক ব্যবহারের প্রস্তাব ঢাকায় পাঠানো হবে। স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বরগুনার উপকূলীয় জনপদে বসতভিটা, কৃষিজমি ও জীবিকা হারানোর সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।
বরগুনায় ৭২ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকিতে: আতঙ্কে লাখো মানুষ
- প্রকাশের সময় : Oct 23, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় ৭২ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকিতে: আতঙ্কে লাখো মানুষ
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News