বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: সড়কে অপরাধীদের অবাধ চলাচল ঠেকাতে বরগুনায় জোরদার করা হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের নজরদারি। জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ধরনের যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। একই সঙ্গে যাচাই করা হচ্ছে চালক ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র। চেকপোস্টে যানবাহন থামিয়ে চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করছেন ডিবি সদস্যরা। সন্দেহজনক কোনো যানবাহন ও ব্যক্তিকে দেখলে নেওয়া হচ্ছে বাড়তি তল্লাশি। এতে একদিকে যেমন সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার চেষ্টা চলছে, অন্যদিকে অপরাধীদের গতিবিধির ওপরও রাখা হচ্ছে কড়া নজর। নিয়মিত এ ধরনের তল্লাশির কারণে মাদক, অবৈধ অস্ত্র, চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের চলাচল কঠিন হয়ে পড়বে। বিশেষ করে অপরাধীরা যাতে এক স্থান থেকে অন্য স্থানে নির্বিঘ্নে মাদক ও অবৈধ সামগ্রী পরিবহন করতে না পারে, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি যানবাহনের বৈধ কাগজপত্র নিশ্চিত করাও এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য বলে জানান,জেলা গোয়েন্দা পুলিশ। সড়কে ডিবির এমন তৎপরতায় সাধারণ যাত্রী ও সচেতন মহলের মধ্যে নিরাপত্তাবোধ বাড়ছে। তাদের প্রত্যাশা, নিয়মিত ও কার্যকর নজরদারির মাধ্যমে বরগুনার সড়কগুলো শুধু নিরাপদই নয়, অপরাধীদের জন্যও ধীরে ধীরে ‘নিরাপদ চলাচলের পথ’ হিসেবে বন্ধ হয়ে উঠবে।
দৈনিক শেষকথা Seshkatha News