বরগুনা প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে সার ডিলার নিয়োগ ও বণ্টনে অনিয়মের অভিযোগ ওঠায় বরগুনাসহ ছয় জেলার ডিলারশিপ নিয়োগ প্রক্রিয়া গুরুত্বের সঙ্গে তদন্তের সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটি।
গত সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে সারের অবৈধ মজুত, সরবরাহ ও বণ্টনে অনিয়ম নিয়ে আলোচনা হয়। বৈঠকে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বরগুনা, লালমনিরহাট, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলার সার ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগ বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। যেসব এলাকায় ডিলার নিয়োগের চুক্তি এখনো চূড়ান্ত হয়নি, সেখানে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি স্বাক্ষর স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে। ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হওয়া এলাকাগুলোর অভিযোগও অগ্রাধিকার ভিত্তিতে তদন্তের কথা বলা হয়েছে। এ ছাড়া সারের অবৈধ মজুত ও মাঠপর্যায়ে বিতরণব্যবস্থার অনিয়ম সরেজমিনে পরিদর্শনের জন্য সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি বিশেষ পরিদর্শন ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News