আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী সরকারি এ কে হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র জাবেদ ইমন হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। গত রোববার (৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমতলী পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়ে ইমন হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। গত ২৯ জুলাই আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পশুর বুনিয়া স্লুইজ গেট এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গত ৬ আগস্ট আমতলী থানা পুলিশ মরদেহটির পরিচয় শনাক্ত করে। নিহত কিশোর জাবেদ ইমন আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আড়পাঙ্গাশিয়া গ্রামের আউয়াল প্যাদার ছেলে। সে আমতলী সরকারি এ কে হাই স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। পরিচয় নিশ্চিতের খবর ছড়িয়ে পড়লে ইমনের পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। তালতলী থানার নিদ্রা ছকিনা নৌ পুলিশ ও আমতলী থানা পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। হত্যাকারী যে-ই হোক, অচিরেই তাদের খুঁজে বের করা হবে।
নিদ্রা ছকিনা নৌ পুলিশের ইন্সপেক্টর সাগর ভদ্র বলেন, ঘটনার রহস্য উদঘাটনে আমতলী থানার সমন্বয়ে তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, ইমন নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিল। তার মাগফিরাত কামনায় বিদ্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষকরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মাত্র ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় আমতলীতে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবার, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি, দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
দৈনিক শেষকথা Seshkatha News