এ বছর বরগুনা জেলায় মোট ১৪৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে ৯টি-
বরগুনা জেলা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ, প্রতিমা বিসর্জন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, জেলায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরা স্থাপনের জন্য মণ্ডপ কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ মনিটরিং টিমও কাজ করবে। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, পৌর এলাকাগুলোতে প্রতিমা বিসর্জনের নির্ধারিত স্থানগুলোতে পর্যাপ্ত সড়কবাতির ব্যবস্থা করতে হবে। পূজামণ্ডপে নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশপথ রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাও নিশ্চিত করা হবে। এ ছাড়া শহরের পূজামণ্ডপগুলোতে পুলিশের বডি ক্যামেরা ও ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক দল গঠন করে তাদের পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক পাহারাদার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, এসআরবি, ডিএডি ও পটুয়াখালী ক্যাম্পের নুরুল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র হাওলাদার, পাথরঘাটা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অরুণ কর্মকার, বেতাগী উপজেলা মণ্ডপ কমিটির সভাপতি হিরণ্য সমাদ্দার, বামনার সমীর রঞ্জন দাস ও আমতলীর জগদীশ চন্দ্র বসুসহ সংশ্লিষ্টরা। সভায় জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News