বিশেষ প্রতিবেদন (প্রবাস জীবন) : বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ইসমাইল হোসেন (৪০) পরিবারের আর্থিক সংকট দূর করতে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু রিয়াদে কর্মরত অবস্থায় মাটি ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন তিনি। এখন অর্থের অভাবে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ জানুয়ারি শ্রমিক ভিসায় সৌদি আরবে যান ইসমাইল। পরে রিয়াদ বিমানবন্দর এলাকায় একটি চীনা কোম্পানির অধীনে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। বৃহস্পতিবার পাইপলাইনের গভীর গর্তে কাজ করার সময় হঠাৎ মাটি ধসে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইসমাইলের স্ত্রী সোনিয়া বেগম জানান, সৌদি আরব থেকে তাকে জানানো হয়েছে, মরদেহ দেশে আনতে প্রায় তিন লাখ টাকা প্রয়োজন হতে পারে। তবে ঋণে জর্জরিত পরিবারের পক্ষে এ অর্থ জোগাড় করা সম্ভব নয়। ইসমাইলের বাবা আমজাদ হোসেন বলেন, পরিবারের স্বচ্ছলতার আশায় ধার-দেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। এখন ছেলেকে হারানোর পাশাপাশি তার মরদেহ দেশে ফিরিয়ে আনার সামর্থ্যও তাদের নেই। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত ইসমাইলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তারা।
বরগুনায় ঋণ নিয়ে সৌদি গিয়ে মৃত্যু, লাশ আনতে প্রয়োজন ৩লাখ টাকার!
- প্রকাশের সময় : Oct 2, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় ঋণ নিয়ে সৌদি গিয়ে মৃত্যু, লাশ আনতে প্রয়োজন ৩লাখ টাকার!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News