ঢাকা প্রতিনিধি: বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। গত বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
জানাজার আগে তাঁর রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কর্মসূচি অনুযায়ী, দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা এবং বিকেল ৩টায় শ্যামপুর-কদমতলীর ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। ১৯৫৪ সালের ১ মে ঢাকার শ্যামপুর-কদমতলী এলাকায় জন্মগ্রহণকারী এই রাজনীতিবিদ ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
দৈনিক শেষকথা Seshkatha News