পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বৈরী আবহাওয়ার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে চরম সংকটে পড়েছেন জেলে, ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীরা। বিদ্যুৎ না থাকায় বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় সাগর থেকে আনা ইলিশ সংরক্ষণ করা যাচ্ছে না। এতে মাছ পচে যাওয়ার আশঙ্কায় কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন জেলেরা। গত বুধবার পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকারি বাজারে দেখা যায়, স্বাভাবিক সময়ে প্রায় ২২০ টাকা দামের এক ক্যান বরফ বর্তমানে ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলে ও ব্যবসায়ীরা। একই সঙ্গে এক সপ্তাহ আগে যে ইলিশ প্রতি মণ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, গত দুই দিনে তা নেমে এসেছে প্রায় ৬০ হাজার টাকায়। জেলে ও ট্রলার মালিকদের অভিযোগ, বিদ্যুৎ ও বরফ সংকটের পাশাপাশি জ্বালানি তেলের বাড়তি দাম তাদের লোকসান আরও বাড়িয়ে দিয়েছে। ফলে অনেকে ট্রলার ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথাও বলছেন।
পাথরঘাটা বিদ্যুৎ অফিসের ডিজিএম আরিফ শাহরিয়ার ফাহাদ জানান, দীর্ঘ ৬৫ কিলোমিটার বিদ্যুৎ লাইনে কোথাও সমস্যা হলে পুরো লাইন বন্ধ হয়ে যায়। সমস্যা সমাধানে কাজ চলছে এবং বরগুনা থেকে নতুন লাইন চালু হলে পরিস্থিতির উন্নতি হবে বলে জানান তিনি। জেলেদের দাবি, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি বরফের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ তদন্ত করে বাজারে নজরদারি বাড়ানো হোক।
দৈনিক শেষকথা Seshkatha News