মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে পূর্ব বিরোধের জেরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ১০ বিঘা জমি নিয়ে ওই গ্রামের পাশা হাওলাদার ও জলিল গাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন। আজ সকালে জলিল গাজীর লোকজন জমিতে হালচাষ করতে গেলে পাশা হাওলাদারের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষ রামদা ও ছেনা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাশা হাওলাদার (৪৬), রুস্তম হাওলাদার (৭৫), জলিল গাজী (৪৮), মাহবুবুর রহমান (৫০), আখিনুর বেগম (৩৫) সহ ২০ জন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুনা বিনতে হক বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News