দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ ও ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় সমন্বয় জোরদারে গুরুত্বারোপ
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে অক্টোবর ২০২৬-এর মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ফৌজদারি বিচারপ্রক্রিয়া গতিশীল করা, মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর সম্মেলনে গুরুত্বারোপ করা হয়। বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান, বিভিন্ন পর্যায়ের বিচারক, পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা, মৎস্য ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং আইনজীবী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কনফারেন্সে মামলার তদন্ত, তদন্ত প্রতিবেদন দাখিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিচারিক কার্যক্রমের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমস্যা ও সম্ভাব্য সমাধান তুলে ধরেন। এ সময় বরগুনার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তা, ডিবি, সিআইডি এবং বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মতামত প্রদান করেন। সম্মেলনে বিচারপ্রার্থীদের দ্রুত আইনানুগ ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে দায়িত্বশীল ভূমিকা পালন, কার্যকর তথ্য বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগে মামলার নিষ্পত্তি প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার হবে—এমন আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।
দৈনিক শেষকথা Seshkatha News