নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয় SSC সমমানের পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে। উপজেলা পর্যায়ে বিদ্যালয়টি তৃতীয় স্থান অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় ৫৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৩ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে দুইজন GPA-5 অর্জন করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতাকে এ সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করেছে। প্রধান শিক্ষক সুজন কৃষ্ণ হালদার বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতি আরও বিশেষ নজর দিয়ে ফলাফল আরও ভালো করার চেষ্টা করা হবে।
এদিকে, বিদ্যালয়ের এ সাফল্যে স্থানীয় অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামীতে বিদ্যালয়টি আরও ভালো ফলাফল অর্জন করবে।
দৈনিক শেষকথা Seshkatha News