বরগুনা জেলা প্রতিনিধি: কারাগারে থাকা ছেলেকে একনজর দেখার আকুলতা নিয়েই নিজের অটোরিকশা চালিয়ে বরগুনার উদ্দেশে রওনা দিয়েছিলেন বাবা হানিফ মিয়া। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের অটোরিকশাতেই তার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সোনার বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া উপজেলার হোসনাবাদ গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, হানিফ মিয়ার ছেলে বেল্লাল হোসেন একটি মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে বরগুনা জেলা কারাগারে রয়েছেন। দীর্ঘদিন পর ছেলের সঙ্গে দেখা করতে সকালে নিজেই অটোরিকশা চালিয়ে বরগুনার উদ্দেশে রওনা দেন তিনি। পথে সোনার বাংলা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।নিহতের স্বজন ও বেতাগী বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহীন বলেন, হানিফ মিয়া অত্যন্ত সাদাসিধে ও ভালো মানুষ ছিলেন। কারাগারে থাকা ছেলেকে একবার দেখার আকাঙ্ক্ষা নিয়েই তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু পথেই তার এভাবে চলে যাওয়া হবে, তা কেউ কল্পনাও করেননি।
দৈনিক শেষকথা Seshkatha News