বরগুনা প্রতিনিধি (হাফিজ খাঁন): বরগুনার বেতাগী উপজেলার করুণা হাসানিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আরিফুর রহমান ফেরদৌসের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পল্লী চিকিৎসা পেশায় যুক্ত থাকা এবং নিয়মিত মাদ্রাসায় উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন অভিভাবক ও মাদ্রাসাসংশ্লিষ্ট ব্যক্তিরা। স্থানীয়দের অভিযোগ, পল্লী চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় ওই শিক্ষক নিয়মিত ক্লাস নেন না। তাঁদের দাবি, মাদ্রাসাটিতে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি এবং ২০২৬ সালে পাস করেছে মাত্র দুজন। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
এ বিষয়ে বেতাগী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিহাদ হাসান বলেন, শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় কাজ করার সুযোগ নেই। ওই শিক্ষকের অনিয়মিত উপস্থিতির বিষয়টি জানার পর মাদ্রাসার সভাপতিকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক মো. আরিফুর রহমান ফেরদৌস বক্তব্য দিতে রাজি হননি। মাদ্রাসার সভাপতি ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, শিক্ষকতার দায়িত্বে অবহেলা করে অন্য পেশায় যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি এবং মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
দৈনিক শেষকথা Seshkatha News