মহিবউল্লাহ কিরন, আমতলী থেকে: বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে শোক র্যালি করার অভিযোগ উঠেছে। সোমবার (১০ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ র্যালি করা হয় বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ছাত্রলীগের দাবি অনুযায়ী, সকাল ৯টার দিকে আমতলীর চুনাখালী এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে প্রায় ৫০ জন নেতাকর্মী নিয়ে শোক র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালির ভিডিও সোমবার বিকেল ৩টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অংশগ্রহণকারীদের কয়েকজনকে মুখে কালো মাস্ক পরা অবস্থায় দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের নির্দেশনায় আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ ত্বোহার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে অভিযোগ রয়েছে।
ইসফাক আহমেদ ত্বোহা বলেন, “১৯৭৫ সালে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। সেই শোককে শক্তিতে পরিণত করে আমরা এক দিন আগে ঘোষণা দিয়ে শোক র্যালির কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছি।” তবে র্যালির স্থান ও অংশগ্রহণকারীদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে ভিন্ন সতর্ক অবস্থান জানানো হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির স্থান সুনির্দিষ্ট নয়। পুলিশ সজাগ রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News