বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের বাসুকী গ্রামে মো. মতি মুসল্লি (৫৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত কেতাব আলী মুসল্লির ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মতি মুসল্লি ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের নলী সাজি পাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে বাচ্চু মাঝির ফিশিং ট্রলারে মাছ ধরার জন্য ১৫ হাজার টাকা দাদন (অগ্রিম) নিয়েছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি সাগরে মাছ ধরতে যেতে রাজি হননি। এর জের ধরে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬)- রাত আনুমানিক ৯টার দিকে বাচ্চু মাঝি পাওনা টাকা ফেরত চাইতে মতি মুসল্লির বাড়িতে আসেন। একপর্যায়ে এগিয়ে দেওয়ার কথা বলে বাচ্চু মাঝি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর মতি মুসল্লি রাতে আর বাড়ি ফেরেননি।
পরদিন শুক্রবার সকালে স্থানীয়রা কালভার্ট সংলগ্ন রাস্তার পাশে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়!
হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই বাচ্চু মাঝি পলাতক রয়েছেন এবং পুলিশ তাকে আটকের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে মতি মুসল্লির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News