বরগুনা জেলা প্রতিনিধি: ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বরগুনা জেলা পুলিশের আয়োজনে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন চীফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মণি। উপস্থিত ছিলেন বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মাস্টার, ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাকুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হারুন অর রশিদ রিংকু।
বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল রেঞ্জের ছয়টি জেলা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী জেলাগুলো হলো—বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি। দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে বরগুনা জেলা পুলিশ বদ্ধপরিকর। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
এর আগে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা উপভোগ করতে ক্রীড়ামোদী নাগরিকদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানায় বরগুনা জেলা পুলিশ মিডিয়া সেল। বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে বরিশাল রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সদস্যদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
দৈনিক শেষকথা Seshkatha News