বরগুনা জেলা প্রতিনিধি: জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২0২৬–২০৩০) পর্যালোচনা এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের লক্ষ্যে বরগুনায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম নাজমুল হাসান, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে সব ভবনের ছাদে আবশ্যিকভাবে সোলার প্যানেল স্থাপন করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং সরকারি ভবনগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এ নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বরগুনা জেলার ২০টি সরকারি ভবনের ছাদে আগামী নভেম্বর ২০২৬ মাসের মধ্যে সোলার প্যানেল স্থাপন করা হবে।
সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে সভায় আলোচনা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News