বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার বামনায় দৃষ্টিপ্রতিবন্ধী নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ সময় মারধর করে তাঁকে আহত করার অভিযোগও করেছেন ভুক্তভোগীর মা। এ ঘটনায় আদালতে মামলা করেছেন তিনি।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ অক্টোবর বিকেলে বিদ্যালয়ে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বামনা উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া এলাকায় আসামি মো. আজিম (৩২) ওই ছাত্রীকে জোর করে একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তাঁকে মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর মায়ের দাবি, মেয়ের চিৎকার শুনে তিনি অন্য দুজনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে আসামি পালিয়ে যান। পরে ওই ছাত্রী বামনা হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেয়। অভিযোগের বিষয়ে জানতে আসামির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আদালতের নির্দেশে পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
দৈনিক শেষকথা Seshkatha News