মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার ৫নং চাওড়া ইউনিয়নে ইলিশের প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা ৭০৩ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
গত সোমবার (১৯ অক্টোবর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. জসিম উদ্দিন সিকদার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফাহাদ, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. ইসরাত হোসেন হিমেল ও মো. আরিফুর রহমানসহ ইউপি সদস্য-সদস্যা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৮ থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রজনন রক্ষায় দেশের সামুদ্রিক জলসীমায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ ও বেচাকেনায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে।
দৈনিক শেষকথা Seshkatha News