আমতলী প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর সন্ধ্যায় বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। গত সোমবার (১৯ অক্টোবর ২০২৬)- তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, কার্যক্রম ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক আমতলী পৌর শহরের ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মণ্ডপে উপস্থিত শিল্পীদের গান পরিবেশনা তাঁকে মুগ্ধ করে। পরে তিনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখন সার্বজনীন উৎসব। সম্প্রীতি রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” এ সময় ৭ নম্বর ওয়ার্ডের শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের জায়গাসংক্রান্ত বিষয় নিয়ে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি)-এর সঙ্গে আলোচনা করে আইনানুগভাবে বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, যুগ্ম আহ্বায়ক মো. মিল্টন বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বসুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেলা প্রশাসকের এ পরিদর্শনে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পায়।
দৈনিক শেষকথা Seshkatha News