আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী পৌর শহরের গুরুত্বপূর্ণ বাঁধঘাট চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স না থাকায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। ঢাকা–কুয়াকাটা মহাসড়কের ব্যস্ত এ সংযোগস্থলে যানবাহন নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে তাঁদের নানা প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে। মানবাধিকারকর্মী আবদুর রহমান সালেহ বলেন, মহাসড়কে নিরাপদ ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
আমতলী থানার ট্রাফিক সাব-ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র মিত্র জানান, একটি ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হলে দায়িত্ব পালন আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষও সহজে সেবা নিতে পারবেন। তিনি আরও জানান, বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসককে লিখিতভাবে জানানোর পর উপযুক্ত জমি চিহ্নিত করতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত উপযুক্ত স্থান নির্ধারণ করে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে।
দৈনিক শেষকথা Seshkatha News