বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর ওপর বর্বর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ শত শত নারী-পুরুষ অংশ নেন। বক্তারা দ্রুত মামলার সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে হামলায় গুরুতর আহত শিশুটি বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার মুখের আঘাতের স্থানে ইনফেকশন দেখা দিয়েছে এবং ক্ষত শুকানোর পর ডেন্টাল চিকিৎসা শুরু করা হবে। উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত ডেন্টাল হাসপাতালে নেওয়ার দাবি জানিয়েছেন শিশুটির পরিবার।
বেতাগী থানার ওসি মো. হারুন-অর-রশিদ হাওলাদার জানান, মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News