আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে খাঁচায় আটকে বিক্রির সময় দুই টিয়াপাখি, দুই অস্ট্রেলিয়ান ঘুঘু ও তিনটি দেশি ঘুঘুসহ সাতটি পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকার ‘পাখি সাজঘর’ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়ার পর পাখিগুলো বনে অবমুক্ত করা হয়। উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক অভিযান চালিয়ে দোকান মালিক মো. কবির হোসেন ওরফে ‘পাখি কবিরের’ কাছ থেকে পাখিগুলো উদ্ধার করেন। পটুয়াখালী এনিম্যাল লাভারসের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী বন্যপ্রাণী শিকার, ধরা, ক্রয়-বিক্রয় ও জবরদখলে রাখা দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় দোকান মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তিনি অবৈধভাবে পাখি শিকার ও ব্যবসার বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।
দৈনিক শেষকথা Seshkatha News