ঢাকা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অপহরণের শিকার এক ব্যক্তিকে অভিযোগ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনজন। তাদের মধ্যে একজনের বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। গ্রেফতার জাকির হোসেন (৩৫) বরগুনার আমতলী উপজেলার পচা করালিয়া গ্রামের বাসিন্দা। অপর দুজন হলেন পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামের হামিদুল (৩২) ও নন্দীপাড়া গ্রামের রাজিব কাজী (২৮)। উদ্ধার হওয়া ব্যক্তি আরিফ হোসেন (৩৭) রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরত।
এসআরবি-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সংবাদমাধ্যমকে জানান, গত ১ নভেম্বর সকালে ঢাকায় যাওয়ার পথে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি প্রাইভেটকারে আরিফ হোসেনকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তাঁর স্ত্রীর কাছে মুক্তিপণ ও চাঁদা দাবি করে। এ ঘটনায় আরিফের স্ত্রী শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি এসআরবি-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে একই দিন বিকেল সোয়া ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার পেপসি গেট (এমপি চেকপোস্ট) থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযানে অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি মুঠোফোন ও নয়টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আরিফের স্ত্রী বাদী হয়ে গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেছেন। গত মঙ্গলবার দুপুরে গ্রেফতারদের গাজীপুর আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। আমতলীর বাসিন্দা জাকির হোসেনের গ্রেফতারের ঘটনায় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News