তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে অস্থায়ী সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবনকে গুদাম দেখিয়ে ডিলার মনোনয়ন এবং খুচরা সার বিক্রেতার পরিবারের সদস্যকে ডিলার নিয়োগ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অভিযোগ অনুযায়ী, পচাকোড়ালিয়া ইউনিয়নে পরিত্যক্ত একটি রাইস মিলের জরাজীর্ণ ঘরকে গুদাম দেখিয়ে মো. রাকিবুল ইসলামকে ডিলার মনোনয়নের সুপারিশ করা হয়েছে। কিন্তু গুদামের মালিকের দাবি, তাঁর সঙ্গে রাকিবুল ইসলামের কোনো লিখিত ভাড়াচুক্তি হয়নি। তবে রাকিবুল ইসলাম দাবি করেছেন, তাঁর প্রয়োজনীয় সব চুক্তিপত্র রয়েছে। অন্যদিকে শারিকখালী ইউনিয়নে নিবন্ধিত খুচরা সার বিক্রেতা ও ইউপি চেয়ারম্যান মো. ফারুক খানের ছেলে নেছার উদ্দিনকে ডিলার মনোনয়ন দেওয়া হয়েছে। একই পরিবারের সদস্যের খুচরা সার বিক্রেতার পরিচয় থাকলে অন্য সদস্যের ডিলার হওয়ার সুযোগ নেই—নীতিমালার এমন বিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে বাবা-ছেলে উভয়েই অভিযোগ অস্বীকার করেছেন!
সার ডিলার নিয়োগ নীতিমালা অনুযায়ী, বিক্রয়কেন্দ্রের পাশে কমপক্ষে পাঁচ মেট্রিক টন ধারণক্ষমতার নিজস্ব বা ভাড়াকরা গুদাম থাকতে হবে। ভাড়ার ক্ষেত্রে লিখিত চুক্তিও বাধ্যতামূলক।
উপজেলা কৃষি বিভাগের দাবি, সরেজমিনে গুদাম পরিদর্শন ও নীতিমালা অনুসরণ করেই নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ইতিমধ্যে কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News