পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় জীবনবীমা কোম্পানির কর্মী পরিচয়ে প্রায় সাড়ে ৩০০ মানুষের কাছ থেকে দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মশিউর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীরা। গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুকের দলীয় কার্যালয়ে সালিশ বৈঠকের জন্য ডেকে আনা হলে ভুক্তভোগীরা তাকে আটক করেন। পরে তাকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, ২০০৮ সাল থেকে মশিউর সঞ্চয়ের নামে নিজলাঠিমারা ও হাতিমপুর গ্রামের প্রায় ৩৫০ জনের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। এর মধ্যে ১৪ জন ভিক্ষুকও রয়েছেন। সঞ্চয়ের দ্বিগুণ টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রায় দুই কোটি টাকা নিয়ে বিদেশে চলে যান।
পাথরঘাটা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছগির আলম জানান, মশিউরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং ভুক্তভোগীদের টাকা উদ্ধারে তিনি সহযোগিতা করছেন। পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলিম বলেন, মশিউরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অনুরোধে সালিশের আয়োজন করা হয়েছিল। সেখানে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News