বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়ন ও ৫ নম্বর বুড়ামজুদার ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে সরকারি চাল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। নির্ধারিত নিয়ম মেনে চাল বিতরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সুবিধাভোগীরা। গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে বেতাগী সদর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মেসার্স সরদার ট্রেডার্সের মাধ্যমে চাল বিতরণ শুরু হয়। ডিলার মো. রবিউল সরদারের তত্ত্বাবধানে মাস্টার রোল ও অনলাইন তালিকাভুক্ত সুবিধাভোগীদের প্রত্যেককে সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
বিতরণ কার্যক্রম চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা, চাল কম দেওয়া কিংবা অতিরিক্ত নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানান। কয়েকজন সুবিধাভোগী ও স্থানীয় বাসিন্দা জানান, ডিলার নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করছেন। এতে কোনো ধরনের হয়রানি ছাড়াই তারা তাদের প্রাপ্য চাল নিতে পারছেন।
অন্যদিকে, উপজেলার ৫ নম্বর বুড়ামজুদার ইউনিয়নেও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে। ইউনিয়নের নির্ধারিত বিতরণকেন্দ্রে বৈধ কার্ডধারী ও অনলাইনে নিবন্ধিত সুবিধাভোগীদের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে। ডিলার মো. মাহাবুব আলম নিজে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করছেন। ডিলার মো. মাহাবুব আলম বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় যাদের বৈধ কার্ড রয়েছে এবং যাদের তথ্য অনলাইনে নিবন্ধিত, শুধুমাত্র তারাই চাল পাওয়ার যোগ্য। তিনি নিজে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।
চাল নিতে আসা কয়েকজন সুবিধাভোগী জানান, ডিলার নিজে উপস্থিত থেকে নিয়ম মেনে চাল বিতরণ করায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা হয়রানির মুখে পড়তে হচ্ছে না। নির্ধারিত পরিমাণ চাল পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, খাদ্যবান্ধব কর্মসূচি নিম্নআয়ের মানুষের জন্য সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় থাকলে প্রকৃত সুবিধাভোগীরাই এর সুফল পাবেন। একই সঙ্গে ভবিষ্যতেও যাতে তালিকাভুক্ত প্রকৃত কার্ডধারীদের কাছে সরকারি সুবিধা যথাযথভাবে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা। সংশ্লিষ্টদের মতে, নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হলে একদিকে যেমন সুবিধাভোগীদের ভোগান্তি কমবে, অন্যদিকে সরকারি এ কর্মসূচির স্বচ্ছতা ও কার্যকারিতাও আরও বাড়বে।
দৈনিক শেষকথা Seshkatha News