বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় গণযোগাযোগ অধিদপ্তরের জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশন বরগুনার উপপরিচালক মো. শফিকুল ইসলাম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রূপ কুমার পাল। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ। সমাবেশে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের গুরুত্ব, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ-যৌতুক ও মাদক প্রতিরোধ, হাম-ডেঙ্গু প্রতিরোধ এবং গুজব ও অপতথ্য মোকাবিলাসহ বিভিন্ন সামাজিক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথি সরকারি জনকল্যাণমূলক উদ্যোগের তথ্য সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত শিল্পীরা বিষয়ভিত্তিক সংগীত পরিবেশন করেন।
সমাবেশে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, নারী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটি আয়োজন ও ব্যবস্থাপনা করে জেলা তথ্য অফিস, বরগুনা।
দৈনিক শেষকথা Seshkatha News