বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নে ইয়াবা সেবন ও উশৃঙ্খল এবং বিরক্তিকর আচরণের দায়ে দুই ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
গত শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে বরগুনা সদর থানাধীন ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিংড়াবুনিয়া গ্রামের হামিদ মৃধার চায়ের দোকানের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরগুনা। আ-ট-ক-কৃ-ত ব্যক্তিরা হলেন—বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পূর্ব ধুপতি এলাকার মো. রাজু আকন (২২) ও মো. ফারুক হোসেন (৩০)। পরে তাঁদের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত, বরগুনায় উপস্থাপন করা হলে বিচারক মো. আরিফ হোসেন সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও খুচরা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা সরবরাহকারীদের বিষয়ে গোয়েন্দা নজরদারি চলছে বলে জানানো হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News