বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার নিশানবাড়িয়ার ৬৪ বছর বয়সী কৃষক জব্বার মিয়া এখনও সপ্তাহে অন্তত দুই দিন জাল নিয়ে নামেন বিষখালী নদীতে। ছোটবেলায় বাবার সঙ্গে মাছ ধরতে ধরতেই নদী ও জালের কৌশল রপ্ত করেছিলেন। সেই অভ্যাস আজও ছাড়তে পারেননি। তবে নদীতে এসে এখন বারবার হতাশ হতে হয় তাকে। প্রায় দুই ঘণ্টা জাল ফেলেও ২০০ গ্রাম মাছ না পাওয়ার আক্ষেপ জব্বারের কণ্ঠে। তাঁর ভাষায়, ‘পানি আছে, কিন্তু মাছ নেই।’ শৈশবের স্মৃতিচারণ করে জব্বার বলেন, একসময় বিষখালী নদীতে চিংড়ি, পোয়া, ট্যাংরা, কই, শিংসহ নানা প্রজাতির মাছ প্রচুর পাওয়া যেত। কখনো ঝুড়ি ভরে মাছ নিয়ে বাড়ি ফিরতেন, আর সেই সময়ের মধ্যেই তাঁর বাবা আরেক ঝুড়ি মাছ ধরে ফেলতেন। এখন সেই নদীতেই কাঙ্ক্ষিত মাছের দেখা মেলে না। জব্বারের আক্ষেপ, ‘ছোটকালে কত মাছ খাইছি, কত মানুষকে খাওয়াইছি। আর এখন নদীগুলা মাছশূন্য।’
একসময়ের মাছসমৃদ্ধ বিষখালী নদীর বর্তমান চিত্র শুধু জব্বারের ব্যক্তিগত হতাশা নয়, নদীর মৎস্যসম্পদ কমে যাওয়ার একটি বাস্তব অভিজ্ঞতার কথাও তুলে ধরে।
দৈনিক শেষকথা Seshkatha News